মোহাম্মদ হাসান:
দীর্ঘ আড়াই বছর ব্যক্তিগত অর্থ ও ধারদেনার ওপর নির্ভর করে পরিচালিত হয়েছে দেশের একমাত্র সাপের বিষ গবেষণা প্রতিষ্ঠান ‘ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ’ (ভিআরসি)। বেতন, গবেষণার উপকরণ ও সাপের খাবারসহ প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখতে প্রতি মাসে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন দুই গবেষক। অবশেষে দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৪৩ কোটি ৯৯ লাখ ২৭ হাজার টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
তবে নতুন প্রকল্পে অর্থায়নের ব্যবস্থা হলেও গত আড়াই বছরের পরিচালন ব্যয় সমন্বয়ের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রকল্পের প্রায় অর্ধেক অর্থ ব্যয় হবে নতুন ভবন নির্মাণে। পাশাপাশি আধুনিক গবেষণাগার, প্রয়োজনীয় সরঞ্জাম, সাপ ও ইঁদুর প্রতিপালন এবং গবেষকদের ঝুঁকি ও ক্ষতিপূরণ ভাতার জন্যও বরাদ্দ রাখা হয়েছে।
‘ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি, বি) শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) গত ২৪ অক্টোবর অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী। পরে ২৭ অক্টোবর পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ থেকে অনুমোদন আদেশ এবং ৪ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রশাসনিক অনুমোদন জারি করা হয়।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।
ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ বলেন, ‘আড়াই বছর নিজেদের পকেটের পয়সা এবং ধারদেনায় আমরা গবেষণা ও সাপগুলো টিকিয়ে রেখেছি। এখন প্রকল্প অনুমোদন হয়েছে, এটি অত্যন্ত আশার কথা।’
২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে নতুন ভবন
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে মূলধন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৫ কোটি ৫২ লাখ ৪৯ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ ২১ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার টাকা ভবন নির্মাণে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসের মেডিকেল হোস্টেলের পেছনে প্রায় সাত হাজার বর্গফুট জায়গায় পাঁচতলা ভিত্তির ওপর নির্মাণ করা হবে তিনতলা স্থায়ী অনাবাসিক ভবন। এতে থাকবে সাপ সংরক্ষণের বিশেষ ব্যবস্থা, ইঁদুর উৎপাদনের কক্ষ, আধুনিক গবেষণাগার ও প্রশাসনিক কার্যালয়।
এ ছাড়া ল্যাবরেটরির সরঞ্জাম কেনায় ২ কোটি ৪০ লাখ, কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জামে ৫০ লাখ, সফটওয়্যারে ২০ লাখ, আসবাবপত্রে ১৫ লাখ, অফিস সরঞ্জামে ১২ লাখ এবং ডেটাবেজ ও ওয়েবসাইট উন্নয়নে ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
গবেষণা ও সাপ প্রতিপালনে বরাদ্দ ২ কোটি টাকার বেশি
প্রকল্পের রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকা। এর মধ্যে গবেষণার জন্য ২ কোটি ১১ লাখ এবং জরিপ কার্যক্রমে ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সাপ ও ইঁদুর প্রতিপালনে ব্যয় হবে ২ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া তাদের খাদ্য বাবদ ১ কোটি ৪৪ লাখ এবং রাসায়নিক ও রি-এজেন্ট কেনায় ১ কোটি ১৯ লাখ টাকা রাখা হয়েছে।
গবেষক ও কর্মীদের নিরাপত্তা এবং দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্যও রয়েছে বিশেষ বরাদ্দ। ঝুঁকি ভাতা ও ক্ষতিপূরণ ভাতা—প্রতিটি খাতে ৬০ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা রাখা হয়েছে।
চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জাম সরবরাহে ৮১ লাখ ৩০ হাজার, আউটসোর্সিংয়ে ১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার এবং ল্যাবরেটরি ও অন্যান্য ভবন রক্ষণাবেক্ষণে ৭৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া সেমিনার ও সম্মেলনে ৫০ লাখ ২০ হাজার, পরীক্ষার ফিতে ৫০ লাখ, প্রশিক্ষণে ৪২ লাখ এবং বিমা খাতে ৩০ লাখ টাকা রাখা হয়েছে। প্রকল্পের সার্বিক ব্যয় সমন্বয়ে মূল্য ও ভৌত আপৎকালীন ব্যয় বাবদ আরও ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা সংস্থান রয়েছে।
আড়াই বছর ব্যক্তিগত অর্থে সচল রেখেছেন দুই গবেষক
চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের একটি পুরোনো ভবনে ২০১৮ সালে ভেনম রিসার্চ সেন্টারের কার্যক্রম শুরু হয়। সাপে কাটা রোগীদের চিকিৎসায় দেশীয় অ্যান্টিভেনম তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সরকারের পরিচালন পরিকল্পনার আওতায় নিয়মিত বরাদ্দ পেত। তবে ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর গবেষণার জন্য বরাদ্দ বন্ধ হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটির গবেষণাকর্ম এবং সাপগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখতে প্রতি মাসে বেতন, গবেষণাকর্ম ও সাপের খাবার বাবদ প্রয়োজন হতো সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার পর ভিআরসির মুখ্য গবেষক ও চমেকের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় এবং সমন্বয়ক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ নিজেদের অর্থ ও ধারদেনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে রাখেন। এ সময় তাঁরা কোনো পারিশ্রমিকও নেননি।
তবে নতুন প্রকল্প অনুমোদন পেলেও বিগত আড়াই বছরের পরিচালন ব্যয় সমন্বয়ের জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। ফলে দীর্ঘদিন ব্যক্তিগত অর্থে গবেষণা কার্যক্রম সচল রাখা দুই গবেষকের ব্যয়ের বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।
৩৭০ সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরির গবেষণা
বর্তমানে ভেনম রিসার্চ সেন্টারে রয়েছে ১১ প্রজাতির প্রায় ৩৭০টি সাপ। এসব সাপ থেকে ইতিমধ্যে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম বিষ সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। বিশেষ করে রাসেলস ভাইপারের বিষ ব্যবহার করে অ্যান্টিবডি তৈরির গবেষণায় প্রাথমিক সাফল্য পেয়েছেন গবেষকেরা। এ জন্য মুরগির শরীরে পরীক্ষামূলকভাবে বিষ প্রয়োগ করে অ্যান্টিবডি তৈরির কাজ করা হয়েছে।
কেন্দ্রটির মুখ্য গবেষক অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় বলেন, ‘মুরগির শরীরে রাসেলস ভাইপারের অ্যান্টিবডি তৈরি করা সম্ভব হয়েছে। ডিপিপি যেহেতু অনুমোদন হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক সরঞ্জাম পেলে ট্রায়ালের মূল্যায়ন শেষ করে পরবর্তী ধাপগুলো আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গবেষণাটি আমরা করছি নিজেদের এবং দেশের প্রয়োজনের তাগিদ থেকে। দীর্ঘদিন অর্থসংকটের মধ্যেও কাজ চালিয়ে নিতে হয়েছে। এবার প্রকল্প অনুমোদন হওয়ায় গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি হবে বলে আশা করছি।’
বিশেষজ্ঞদের মতে, দেশে সাপের কামড়ে মৃত্যুঝুঁকি কমানো এবং স্থানীয়ভাবে কার্যকর অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রে এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা গেলে দেশীয় অ্যান্টিভেনম উৎপাদনের গবেষণায় আরও অগ্রগতি সম্ভব হবে। তবে প্রকল্পের পাশাপাশি নিয়মিত পরিচালন ব্যয় নিশ্চিত করা এবং গবেষণার ধারাবাহিকতা বজায় রাখাও এখন বড় চ্যালেঞ্জ।