স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের খেলোয়াড় ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার অলি পোপ। আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারী ও মেয়েদের অধিকার সীমিত করার বিষয়টি নিয়ে ইংলিশ ক্রিকেটে বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্ত নিলেন তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এপিএলে অংশ নিতে নাম নিবন্ধন করেছিলেন পোপ। ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনিই ছিলেন ড্রাফটে নাম থাকা একমাত্র খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ ব্যাটার।
গত সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। সেখানে পোপ ১২ মাসের চুক্তি পেয়েছেন।
এর আগে আফগান লিগে ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিলেন ইসিবির ক্রিকেট পরিচালক রব কি। তাঁর মতে, ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়া ঠেকানো আইনগতভাবে কঠিন হলেও বিষয়টি নৈতিকতার সঙ্গে সম্পর্কিত।
রব কি বলেছিলেন, আফগানিস্তানে নারীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়, তা তিনি সমর্থন করেন না। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিষয়ে ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও রয়েছে বলে মনে করেন তিনি। এপিএলে অংশ নিতে হলে ইংলিশ ক্রিকেটারদের ইসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ইংল্যান্ড। নারী ও মেয়েদের অধিকার সীমিত করার প্রতিবাদে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এ অবস্থান নিয়েছে। তবে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুদলীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় আফগানিস্তানের বিপক্ষে খেলেছে ইংল্যান্ড।
এপিএলের প্রথম আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ২৪ অক্টোবর টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। পোপ নাম প্রত্যাহার করলেও ইংল্যান্ডের সাবেক ব্যাটার ডেভিড মালানসহ আরও কয়েকজন ইংলিশ ক্রিকেটারের নাম ড্রাফটে রয়েছে।