শিক্ষা ডেস্ক:
বৈরি আবহাওয়ার কারণে ২০২৬ সালের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পুনঃনিবন্ধন (রেজিস্ট্রেশন) করে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একই সঙ্গে পুনঃনিবন্ধনের আবেদনপদ্ধতি, যোগ্যতা, সময়সীমা এবং প্রয়োজনীয় নির্দেশনাসহ বিস্তারিত নীতিমালাও প্রকাশ করা হবে।
চট্টগ্রামে পরীক্ষা শুরুর অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের
এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন স্থগিত থাকা এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। তবে পরীক্ষা পুনরায় শুরুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বর্তমানে পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ রয়েছে। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো শুরু করা হবে।
বন্যার কারণে স্থগিত ছিল একাধিক বোর্ডের পরীক্ষা
গত ১৬ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, সড়ক যোগাযোগের দুর্ভোগ এবং অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
একই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়। সংশোধিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।
১২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৬১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্র রয়েছে।
বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এরপর রয়েছে রাজশাহী, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল শিক্ষা বোর্ড।
আরএইচটি/এমএসএ