আবারও ইতিহাসের নায়ক বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক:

আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। টুর্নামেন্টের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫ হাজার ৫০০ রান পূর্ণ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

ধর্মশালায় অনুষ্ঠিত আইপিএলের ৬১তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের লড়াইয়ে এই কীর্তি গড়েন কোহলি। ম্যাচ শুরুর আগে রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন ছিল মাত্র ৭ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা হাঁকিয়ে তিনি পৌঁছে যান অনন্য এই অর্জনে।

এর আগে ওপেনার হিসেবে আইপিএলে ৫ হাজার ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার। তবে তারা একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে খেলতে এই রান সংগ্রহ করেছিলেন। এক দলের হয়ে এমন কীর্তি গড়ার নজির এবারই প্রথম।

এদিকে নিজের অধিনায়কত্বে শততম আইপিএল ম্যাচ খেলতে নেমে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দলটির একাদশে দুটি পরিবর্তন এনে সুযোগ দেওয়া হয়েছে হরপ্রীত ব্রার ও লকি ফার্গুসনকে।

অন্যদিকে নিয়মিত অধিনায়ক রজত পাতিদার না থাকায় বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন জিতেশ শর্মা। দলটিও একাদশে দুটি পরিবর্তন এনে অন্তর্ভুক্ত করেছে সুয়াশ শর্মা ও রোমারিও শেফার্ডকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *