স্বাধীন সংবাদ বিনোদন:
দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও আপাতত বড় পর্দায় ফিরছে না রাজু-শ্যাম-বাবুরাওয়ের জনপ্রিয় ত্রয়ী। বলিউড অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ ছবির কাজ এখনই শুরু হচ্ছে না। গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘ভূত বাংলা’-এর প্রচারণার সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টির এই জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে নতুন কিস্তি নিয়ে ভক্তদের উন্মাদনা থাকলেও নানা জটিলতায় কাজ বারবার পিছিয়ে যাচ্ছে।
অক্ষয় জানান, অন্তত আগামী এক বছরের মধ্যে এই ছবির শুটিং শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। মূলত চিত্রনাট্য চূড়ান্ত না হওয়া এবং অভ্যন্তরীণ প্রযোজনা সংক্রান্ত কিছু সমস্যার কারণেই এই বিলম্ব হচ্ছে। তিনি আরও বলেন, “এই ধরনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে মানসম্মত গল্প ছাড়া কাজ শুরু করা সম্ভব নয়।”
এর আগে ২০২৫ সালের মে মাসে পরেশ রাওয়াল এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। তখন শোনা যায়, অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মস বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপও নিতে পারে। পরে অবশ্য পরেশ রাওয়াল আবার ছবিতে ফেরার বিষয়ে সম্মতি জানান।
তবুও সব বাধা এখনো পুরোপুরি কাটেনি। অনেকেই ধারণা করেছিলেন, অভিনেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই কাজ থেমে আছে। তবে অক্ষয় কুমার সেই ধারণা নাকচ করে দিয়ে বলেন, তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সমস্যা নেই; বরং সবাই আবার একসঙ্গে কাজ করতে আগ্রহী, কিন্তু প্রস্তুতিমূলক কাজ শেষ করতে আরও সময় লাগবে।
বর্তমানে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ফলে ‘হেরা ফেরি ৩’ নিয়ে দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।