
স্পোর্টস ডেস্ক:
২০২৬ বিশ্বকাপ চলাকালেই ফুটবলপ্রেমীদের নজর এখন ২০৩০ বিশ্বকাপের দিকে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক ফুটবল আসর।
২০৩০ ফিফা বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি শতবর্ষের বিশেষ আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। স্বাগতিক হওয়ার সুবাদে এই ছয় দেশই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
তবে ব্যতিক্রম হিসেবে দক্ষিণ আমেরিকার তিন স্বাগতিক—উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে—নিজ নিজ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও অংশ নেবে।
বিশ্বকাপের শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ১৯৩০ সালে ইতিহাসের প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে, যারা সেই আসরের চ্যাম্পিয়নও হয়েছিল। রানারআপ ছিল আর্জেন্টিনা। আর দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল (CONMEBOL)-এর সদর দপ্তর থাকায় প্যারাগুয়েকেও এই ঐতিহাসিক আয়োজনের অংশ করা হয়েছে।
ফিফার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে ৬টি দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে। এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ আসর। প্রাথমিক সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই ২০৩০।
২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত ৬ দেশ
- 🇪🇸 স্পেন
- 🇵🇹 পর্তুগাল
- 🇲🇦 মরক্কো
- 🇺🇾 উরুগুয়ে
- 🇦🇷 আর্জেন্টিনা
- 🇵🇾 প্যারাগুয়ে
সূত্র: এএফপি