আর্থিক অনিয়মের অভিযোগে বলিউড অভিনেতা ডিনো মোরিয়া গ্রেপ্তার

বিনোদন ডেস্ক:

মুম্বাইয়ের মিঠী নদীর পলি অপসারণ ও পুনরুজ্জীবন প্রকল্পে কথিত আর্থিক অনিয়মের তদন্তে বলিউড অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) তদন্তের অংশ হিসেবে তাকে হেফাজতে নেয় বলে জানা গেছে।

গ্রেপ্তারের আগে মুম্বাইয়ের বান্দ্রায় ডিনো মোরিয়ার বাড়িতে প্রায় আট ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। মিঠী নদীর পলি অপসারণ ও পুনরুজ্জীবন প্রকল্পে বিভিন্ন চুক্তি ও অর্থ লেনদেনে অনিয়মের অভিযোগ তদন্ত করছে ইওডব্লিউ।

তদন্তকারীদের দাবি, কথিত অনিয়মের কারণে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়ে থাকতে পারে।

মামলাটিতে ডিনো মোরিয়ার নাম বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। গত বছরের জুনে তার বান্দ্রার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সময়ে মুম্বাই ও কোচির আরও ১৪টি স্থানে অভিযান চালানো হয়। ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়ার বাড়িসহ ঠিকাদার ও মধ্যস্থতাকারীদের বিভিন্ন ঠিকানায়ও তল্লাশি চালায় তদন্তকারী সংস্থাটি।

তদন্তে মিঠী নদীর পলি অপসারণের জন্য দেওয়া বিভিন্ন চুক্তিতে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঠিকাদার, মধ্যস্থতাকারী ও পৌরসভার কর্মকর্তাদের ভূমিকার পাশাপাশি কীভাবে চুক্তি দেওয়া হয়েছিল এবং অর্থের লেনদেন কীভাবে হয়েছে, তা তদন্ত করছেন কর্মকর্তারা।

তদন্তে এর আগে ‘ইউবিও রাইডজ’ নামে একটি প্রতিষ্ঠানে ১৮ লাখ রুপি স্থানান্তরের তথ্য সামনে আসে। ওই প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়া। পুলিশ কর্মকর্তাদের দাবি, মামলার অন্যতম মূল অভিযুক্ত কেতন কদম ওই অর্থ স্থানান্তর করেছিলেন। মিঠী নদীর পলি অপসারণ-সংক্রান্ত কথিত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালে কেতন কদমকে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে ডিনো মোরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে এখন পর্যন্ত কোনো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়নি।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘রাজ’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান ডিনো মোরিয়া। বিপাশা বসুর সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। পরে ‘আকসার’, ‘পেয়ার মে কাভি কাভি’, ‘গুনাহ’ ও ‘নিউ ইয়ার’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *