জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলা কারাগারে খাবার গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে খাবার খাওয়ার সময় এ ঘটনা ঘটে।
কারাগার সূত্রে জানা গেছে, সকালে হাজতিদের সবজি ও রুটি খেতে দেওয়া হয়। খাওয়ার একপর্যায়ে চাঁন মিয়া ফকিরের গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানতে পেরে কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তাঁর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল বলেন, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানাকে জানানো হয়েছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।