মোঃ সাইদুল ইসলাম:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভারের আশুলিয়ায় থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আশুলিয়ার বাইবেল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে নবীনগরে গিয়ে শেষ হয়। মিছিলে আশুলিয়া থানা বিএনপি, ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বর্তমান সাভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব।
এ সময় আরও নেতৃত্ব দেন আশুলিয়া থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক, ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া এবং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার।
মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। মিছিলটি বাইবেল এলাকা থেকে নবীনগরের দিকে অগ্রসর হওয়ার সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের এলাকায় ব্যাপক লোকসমাগমের সৃষ্টি হয়।
মিছিল শেষে নবীনগরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তারা বলেন, আওয়ামী লীগকে দেশে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না এবং রাজপথে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
বক্তারা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং স্থানীয় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কথাও বলেন। তাদের দাবি, বিএনপি আগামী দিনে একটি সুশৃঙ্খল সমাজ গঠনে কাজ করতে বদ্ধপরিকর।
সমাবেশে বক্তারা আরও বলেন, ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়নসহ সাভার-আশুলিয়া এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আগামীতেও তারা জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ থেকে আশুলিয়া থানা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।