আন্তর্জাতিক ডেস্ক:
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে দেখতে হাসপাতালে গিয়ে তাঁর কপালে চুমু দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। শনিবার (৩ অক্টোবর) আহত পাইলটের সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় মাচ্ছারের সাহস, দায়িত্ববোধ এবং মানুষের জীবন রক্ষায় তাঁর ভূমিকার প্রশংসা করেন শেখ হামদান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাচ্ছারের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। এর একটি ছবিতে শেখ হামদানকে মাচ্ছারের কপালে চুমু দিতে দেখা যায়।
পোস্টের ক্যাপশনে শেখ হামদান লেখেন, মাচ্ছার সাহস, দায়িত্ববোধ এবং মানবজীবনের প্রতি যত্নের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছেন। দেশের নেতৃত্বের পক্ষ থেকে তাঁর প্রতি পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হামদান আরও বলেন, ‘আমরা গর্বিত যে তিনি আমাদের দলের অংশ, আমাদের দেশের গল্পের অংশ এবং সংযুক্ত আরব আমিরাত যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারও অংশ—সহমর্মিতা, শান্তি ও জীবনের প্রতি শ্রদ্ধার দেশ।’
এর আগে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় পাইলট, ক্রু ও যাত্রীদের ভূমিকার প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি।
ঘটনায় আহত ক্যাপ্টেন মাচ্ছার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা ভালো।
গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইদুবাই ফ্লাইটে ককপিটে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাচ্ছার আহত হন। পরে তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হলে যাত্রী ও ক্রুরা ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
পরিস্থিতি সামাল দেওয়ার পর বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তদন্ত এখনো চলছে।