ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার সঙ্গে বড় তেল চুক্তির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় কয়েক বিলিয়ন ডলারের একটি তেল চুক্তির প্রস্তাব যুক্ত হয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। চুক্তিটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীও আর্থিকভাবে লাভবান হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সরকারের অনুমোদন পাওয়ার পরই চুক্তিটি কার্যকর হতে পারে। প্রস্তাবিত চুক্তির আওতায় রাশিয়ার জ্বালানি কোম্পানি লুকঅয়েলের মালিকানাধীন বিভিন্ন দেশের তেলক্ষেত্র, তেল শোধনাগার ও জ্বালানি স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি নিয়ে একটি বিশেষ দল কাজ করছে। এতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও ধনকুবের টড বোহলি এবং মধ্যপ্রাচ্যের দুটি ব্যবসায়ী গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলোচনাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পরিবারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থাও এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজনের বরাত দিয়ে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ক্রেমলিনে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তেল চুক্তির বিষয়টি উত্থাপন করেন।

বৈঠক সম্পর্কে অবগত এক ব্যক্তির দাবি, রুশ নাগরিকদের দেখানোর উদ্দেশ্যেই পুতিন এমন একটি চুক্তি করার প্রস্তাব দেন, যাতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারে।

এ বিষয়ে নিয়মিত অফিস সময়ের বাইরে মন্তব্য জানতে হোয়াইট হাউস, মার্কিন অর্থ মন্ত্রণালয় ও লুকঅয়েলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *