আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপের বিভিন্ন দেশে স্কুলে ভুয়া বোমা হামলার হুমকির ঘটনার মধ্যে এবার জার্মানির শত শত স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব হুমকিতে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনসহ বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ বোমা হামলার হুমকি পাওয়ার তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাডেন-ভুর্টেমবার্গ অঙ্গরাজ্যেই ৪৫০টির বেশি স্কুলে এসব হুমকি পাঠানো হয়েছে। তবে সংশ্লিষ্ট এলাকার পুলিশ জানিয়েছে, হুমকিগুলোতে তাৎক্ষণিক বিপদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ ঘটনায় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।
বার্লিন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে, সেগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো বিপদ বা হুমকির ইঙ্গিত নেই। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল খালি করা হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের ই-মেইলে অজ্ঞাতনামা প্রেরকেরা স্কুল ভবনে বিস্ফোরক ডিভাইস রাখার দাবি করেছে এবং সেগুলো বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
পুলিশ সতর্ক করে বলেছে, এ ধরনের হুমকি জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের আওতাভুক্ত।
জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইলে পাঠানো হুমকির বার্তায় লেখা ছিল, ‘মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে।’ তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, স্কুলগুলো খালি করার কোনো পরামর্শ দেওয়া হয়নি। কারণ, এ ঘটনা বর্তমান সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ওই মুখপাত্র। বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, স্কুল ও ফেডারেল অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তা কর্তৃপক্ষ এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।
এর আগে গত কয়েক সপ্তাহে ইতালি, ব্রিটেন, হাঙ্গেরি ও সার্বিয়ার শত শত স্কুলে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ ছাড়া সম্প্রতি ইউরোপজুড়ে বিভিন্ন ফ্লাইটে ভুয়া বোমা সতর্কতা এবং কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও ঘটেছে।