বিনোদন ডেস্ক:
রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্য অর্জন করছে। এবার ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে সিনেমাটি।
রোববার (৪ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। নিজের ফেসবুক বার্তায় তিনি জানান, লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি ‘মাস্টার’ জিতে নিয়েছে। এ অর্জন সিনেমাটির সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি।
উৎসবের সমাপনী আয়োজনে হলভর্তি দর্শক ও সিনেমাবোদ্ধাদের উপস্থিতি ছিল। এবারের লুক্কা উৎসবে বিশ্ব চলচ্চিত্রের দুই নক্ষত্র নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পরিচালক নিকোলাস উইন্ডিং রেফনও নিজের নতুন সিনেমা নিয়ে উৎসবে উপস্থিত ছিলেন। তাঁর সিনেমাটি ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’ পেয়েছে।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে এবার বেশ কয়েকটি সিনেমা অংশ নেয়। এর মধ্য থেকে ‘মাস্টার’কে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত করায় জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুমিত।
‘মাস্টার’কে পুরস্কার দেওয়ার কারণ হিসেবে জুরি বোর্ডের বক্তব্যে বলা হয়েছে, স্থানীয় একটি গল্পের মাধ্যমে বর্তমান সময়ে বিশ্বজুড়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকট তুলে ধরার সক্ষমতা সিনেমাটির রয়েছে। সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্যের মাধ্যমে একজন শিক্ষকের চরিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে সৎ নীতি-আদর্শ ও সামাজিক ন্যায়বিচারের প্রতি গভীর প্রতিশ্রুতি রয়েছে।
জুরি বোর্ডের মতে, ওই শিক্ষকের আদর্শ সমাজে পরিবর্তন আনতে পারত। কিন্তু সাধারণ মানুষের কল্যাণের চেয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া রাজনৈতিক ব্যবস্থার জটিলতায় সেই সম্ভাবনা বাধাগ্রস্ত হয়। সিনেমাটিতে মূল চরিত্রের নানা দ্বন্দ্ব ও বৈপরীত্য সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত দুর্নীতির কাছে তাঁর নতি স্বীকারের মধ্য দিয়ে বাস্তবতার একটি পরিচিত চিত্রও ফুটে উঠেছে।
নিজের পুরো কলাকুশলী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুমিত বলেন, সিনেমাটির কাজে দলের প্রত্যেকের নিবেদন ছিল অসাধারণ।
এর আগে ‘মাস্টার’ রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে।
তবে আন্তর্জাতিক উৎসবে একের পর এক সাফল্য পেলেও এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ‘মাস্টার’। সিনেমাটি দেশে মুক্তির অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। অনুমতি মিললেই বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
‘মাস্টার’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, মাহমুদ আলমসহ অনেকে।