ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ৬ গোল হজম বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে একটি গোল শোধ করায় বিরতিতে ৬-১ গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয় জামাল ভূঁইয়ার দল। ফলে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে থমাস ডুলির শিষ্যরা।

ম্যাচের শুরুতে বাংলাদেশ কিছুটা গোছানো ফুটবল খেললেও ১১তম মিনিটে প্রথম গোল হজম করে। ওলে রোমেনির পাস থেকে বাংলাদেশের জালে বল পাঠান লে বেকার। ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইন্দোনেশিয়ার ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এর ১২ মিনিট পর রিজকি রিদোর পাস থেকে ইন্দোনেশিয়ার হয়ে তৃতীয় গোলটি আসে। এতে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

তবে ৩৬তম মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ। সুকির ক্রস থেকে আসা বলে হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। কিন্তু গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

পরের মিনিটেই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। এরপর ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ষষ্ঠ গোলটি করেন হাবনার।

শেষ পর্যন্ত ৬-১ গোলের ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমানোর লক্ষ্য থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *