ইসরাইলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী।

বাংলাদেশ সময় সোমবার (৮ জুন) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড মিসাইল হামলার সতর্কতা জারি করে। একই সঙ্গে নাগরিকদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা ও টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত পূর্ব জেরুজালেম, বীরসেবা এবং তেলআবিবের কাছের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একাধিক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পাশাপাশি জনগণকে শান্ত থাকতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

এর আগে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইরান ইসরাইলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করা হয়। পরবর্তীতে পাল্টা প্রতিক্রিয়ায় ইসরাইল ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সর্বশেষ হামলার পর পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *