ঈদগাঁওতে বন্যাদুর্গত পানিবন্দী মানুষের পাশে উপজেলা যুবদল, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মনজুর আলম:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঈদগাঁও উপজেলা যুবদল। কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত প্রায় ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল।

মানবিক এ কার্যক্রম বাস্তবায়ন করে Hope for Development & Humanitarian Service (HDS)। এ সময় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)সহ পূর্ণাঙ্গ টিম উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে নেতৃত্ব দেন এইচডিএসের নির্বাহী পরিচালক আজিজুল হক রুবেল।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। পানিবন্দী পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে আজিজুল হক রুবেল বলেন, “মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন সকল দুর্গত মানুষের কষ্ট লাঘব করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর তাঁর অশেষ রহমত বর্ষণ করেন এবং এই মানবিক সেবামূলক প্রচেষ্টাকে কবুল করেন।”

তিনি আরও বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগকালীন সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *