ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ছরোয়ার গ্রেপ্তার

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি দক্ষিণ পালাকাটা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কালুর ছেলে ছরোয়ার কামালকে (২৭) আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ঈদগাঁও থানার এসআই আজিমুল হক, পিপিএম এবং এএসআই আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ছরোয়ার কামালকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে ঈদগাঁও থানাধীন ৫ নম্বর জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের চায়ের দোকানে প্রবেশ করে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর এবং হাড়ভাঙাসহ গুরুতর জখম করার ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ৬ অক্টোবর ঈদগাঁও থানায় দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৩৪ ধারায় একটি নিয়মিত মামলা করা হয়। মামলাটির নম্বর ০২, তারিখ ৬ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও ঈদগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *