ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় হোটেল ও রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় কয়েকটি হোটেল-রেস্তোরাঁকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হোটেল আলহেরাকে ৫০ হাজার টাকা, শেরাটন হোটেলকে ২৫ হাজার টাকা, হোটেল ক্যান্ডেল ৭১-কে ২৫ হাজার টাকা, ফানুশ রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ১৫ হাজার টাকা, হোটেল পূর্বানীকে ৩৫ হাজার টাকা এবং হোটেল নিউ স্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার (দুই লাখ দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, হোটেল-রেস্তোরাঁগুলোতে প্রয়োজনীয় সনদের ঘাটতি, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, রান্নাঘর অপরিষ্কার-অপরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে না রাখা এবং সর্বোপরি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসায়িক কাজে গুরুত্বপূর্ণ সনদগুলো হালনাগাদ না থাকা এবং প্রয়োজনীয় বিভিন্ন লাইসেন্স না থাকার কারণেও জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদগাঁওবাসীর স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ঈদগাঁও থানার পুলিশ সদস্য, আনসার সদস্যদের একটি চৌকস দল এবং ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সহযোগিতা করেন।