আন্তর্জাতিক ডেস্ক:
সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে মদ্যপ অবস্থায় থাকার সন্দেহে এয়ার ইন্ডিয়ার এক কো-পাইলটকে বিমান থেকে নামিয়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর জুরিখ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের উড্ডয়নের আগে ওই কো-পাইলটের মদ্যপ অবস্থার সন্দেহ হয়। পরে তার প্রাথমিক অ্যালকোহল পরীক্ষায় ফল পজিটিভ আসে।
এরপর তাকে ফ্লাইট থেকে সরিয়ে সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফেরত পাঠানো হয়। চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন বলে জানা গেছে।
এ ঘটনার কারণে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৫১ নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। পরদিন ফ্লাইটটি পরিচালনা করা হয়।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা, বিধিবিধান কিংবা প্রতিষ্ঠানের নীতি লঙ্ঘনের বিষয়ে তাদের অবস্থান আপসহীন। নিয়ম ভঙ্গের কোনো প্রমাণ পাওয়া গেলে বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় ধরনের বিপত্তির ঘটনা ঘটে। ওড়িশার আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী ও ক্রু আহত হন।
পরবর্তীতে জানা যায়, ওই ফ্লাইটের পাইলট সুদীপ বশিষ্ঠ ডোপ টেস্টে মারিজুয়ানার জন্য পজিটিভ হয়েছিলেন। যদিও পাইলট দাবি করেছিলেন, তিনি ঘুমের ওষুধ সেবন করেছিলেন।
এসব ঘটনার পর এয়ার ইন্ডিয়া তাদের সব পাইলটের জন্য নতুন করে বাধ্যতামূলক ডোপ টেস্টের নির্দেশ দিয়েছে। কর্মীদের মধ্যে নিয়ম মেনে চলার সংস্কৃতি জোরদার করতে সাইকোহ্যাক্টিভ বা মনস্তাত্ত্বিক উপাদানের পরীক্ষা, সচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধি এবং কঠোর শৃঙ্খলা নিশ্চিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।