উত্তর সাতকানিয়া উপজেলা গঠনের দাবিতে গণশুনানি

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠন এবং এর নাম ‘উত্তর সাতকানিয়া’ করার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের মতামত গ্রহণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ।

প্রস্তাবিত নতুন উপজেলায় খাগরিয়া, কেঁওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড়—এই ছয়টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামত ও প্রত্যাশা জানতেই মূলত এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা নতুন উপজেলা গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন। একই সঙ্গে ছয় ইউনিয়নের বাসিন্দারা একাত্মতা প্রকাশ করে প্রস্তাবিত প্রশাসনিক ইউনিটের নাম ‘উত্তর সাতকানিয়া উপজেলা’ করার দাবি জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত উপজেলা গঠন করা হলে প্রশাসনিক সেবা কতটা সহজ হবে এবং বর্তমান সাতকানিয়া উপজেলার ওপর এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে—এসব বিষয়েও গণশুনানিতে আলোচনা হয়েছে।

স্থানীয় জনগণের মতামত ও দাবিগুলো বিবেচনায় নিয়ে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *