একটি কবরে কতদিন পর অন্য মৃতকে দাফন করা যাবে?

ইসলাম ও জীবন ডেস্ক:

একজন মৃত ব্যক্তিকে দাফনের পর একই কবরে আরেকজনকে কতদিন পর দাফন করা যাবে—এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। ইসলামী শরিয়তে এ বিষয়ে নির্দিষ্ট কোনো দিন বা বছর বেঁধে দেওয়া হয়নি। বরং প্রথম মৃত ব্যক্তির দেহাবশেষের অবস্থা এবং কবরের মাটি ও আবহাওয়ার ওপর বিষয়টি নির্ভর করে।

ঢাকা বিমানবন্দরের জামিয়া বাবুস সালামের মুফতি ও মুহাদ্দিস জাওয়াদ তাহের বলেন, ইসলামী শরিয়তের মূলনীতি হলো—একটি কবর একজন মৃত ব্যক্তির জন্য নির্ধারিত। প্রথম মৃত ব্যক্তির হাড়গোড় সম্পূর্ণ পচে মাটিতে মিশে যাওয়ার আগে ওই কবর খুঁড়ে অন্য কাউকে দাফন করা জায়েজ নয়।

তিনি বলেন, এ বিষয়ে শরিয়তে নির্দিষ্ট কোনো ‘দিন’ বা ‘বছর’ নির্ধারণ করা হয়নি। কারণ কোনো মৃত ব্যক্তির দেহ মাটিতে সম্পূর্ণ মিশে যেতে কত সময় লাগবে, তা স্থানভেদে ভিন্ন হতে পারে। মাটির প্রকৃতি, আবহাওয়া ও পরিবেশের ওপর এ সময় নির্ভর করে।

প্রথম মৃত ব্যক্তির দেহ সম্পূর্ণ পচে মাটির সঙ্গে মিশে গেলে এবং তার হাড়গোড়ও অবশিষ্ট না থাকলে ওই স্থানকে পরবর্তী সময়ে অন্য মৃত ব্যক্তিকে দাফনের জন্য ব্যবহার করা যেতে পারে বলে তিনি জানান। কারণ তখন আগের মৃত ব্যক্তির দেহাবশেষ সেখানে থাকে না।

‘ফাতাওয়ায়ে শামি’তে বলা হয়েছে, প্রথম মৃত ব্যক্তির দেহাবশেষ নষ্ট হয়ে হাড় না থাকলে অন্য ব্যক্তিকে সেখানে দাফন করা যেতে পারে। তবে যদি কিছু হাড় থেকে যায়, সেগুলো এক পাশে সরিয়ে মাটির একটি পৃথক স্তর দিয়ে আলাদা করার কথা উল্লেখ করা হয়েছে।

ফিকহের এ আলোচনায় মৃত ব্যক্তির কবরের মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম মৃত ব্যক্তির দেহাবশেষ পুরোপুরি নষ্ট হওয়ার আগে কবর খুঁড়ে অন্য কাউকে সেখানে দাফন করাকে মৃতের সম্মানহানির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফাতাওয়ায়ে শামির উদ্ধৃতিতে আরও বলা হয়েছে, প্রয়োজন ছাড়া এমনভাবে পুরোনো কবর খুঁড়ে সেখানে অন্য মৃত ব্যক্তিকে দাফন করা উচিত নয়। বিশেষ করে প্রথম মৃত ব্যক্তির দেহাবশেষ নষ্ট হওয়ার আগেই কবর পুনরায় খনন করলে তার দেহাবশেষের প্রতি অসম্মান হওয়ার আশঙ্কা থাকে।

এ কারণে একই কবরে অন্য মৃত ব্যক্তিকে দাফনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ধরে সিদ্ধান্ত না নিয়ে প্রথম মৃত ব্যক্তির দেহাবশেষের অবস্থা বিবেচনা করা জরুরি। পাশাপাশি কবরের মর্যাদা ও মৃত ব্যক্তির সম্মান রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

অর্থাৎ, ‘কত বছর পর’—এর নির্দিষ্ট উত্তর নেই। যতক্ষণ পর্যন্ত প্রথম মৃত ব্যক্তির দেহাবশেষ সম্পূর্ণভাবে মাটিতে মিশে না যায়, ততক্ষণ একই কবর পুনরায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর দেহাবশেষ সম্পূর্ণ বিলীন হয়ে গেলে স্থানীয় মাটির অবস্থা ও শরিয়াহর বিধান অনুযায়ী সেখানে অন্য মৃত ব্যক্তিকে দাফন করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *