জানাজার নামাজের নিয়ম, ফজিলত ও লাশ গাড়িতে রেখে নামাজের বিধান

ইসলাম ও জীবন ডেস্ক:

জানাজার নামাজ মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া এবং জীবিতদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সাধারণ অবস্থায় মৃত ব্যক্তির লাশ মাটিতে রেখে জানাজার নামাজ আদায় করতে হয়। তবে অনিবার্য কোনো অপারগতা বা শরিয়তসম্মত ওজর থাকলে বিশেষ পরিস্থিতিতে লাশ অ্যাম্বুলেন্স বা গাড়িতে রেখেও জানাজার নামাজ আদায়ের সুযোগ রয়েছে।

ফিকহের গ্রন্থ ‘রদ্দুল মুহতার’-এর উদ্ধৃতি অনুযায়ী, লাশ বাইরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে, যেমন লাশ গলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে কিংবা ফ্রিজ থেকে বের করার পর রোদে রাখার কারণে লাশ নষ্ট বা বিকৃত হওয়ার আশঙ্কা থাকলে, এমন অনিবার্য অপারগতায় অ্যাম্বুলেন্স বা গাড়িতে লাশ রেখেই জানাজার নামাজ আদায় করলে তা আদায় হয়ে যাবে।

জানাজার ফজিলত ও গুরুত্ব

জানাজার নামাজ শুধু মৃত ব্যক্তির মাগফিরাতের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এতে অংশগ্রহণকারী জীবিত ব্যক্তির জন্যও রয়েছে বড় সওয়াবের সুযোগ।

নবী করিম (সা.) জানাজা ও দাফনে অংশগ্রহণের সওয়াব সম্পর্কে বলেছেন—

مَنْ شَهِدَ الجِنَازَةَ حَتَّى يُصَلِّيَهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَ حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ. قِيلَ: وَمَا القِيرَاطَانِ؟ قَالَ: مِثْلُ الجَبَلَيْنِ العَظِيمَيْنِ

অর্থাৎ, ‘যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, সে এক কিরাত পরিমাণ নেকি লাভ করে। আর যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করার পাশাপাশি দাফন পর্যন্ত উপস্থিত থাকে, সে দুই কিরাত পরিমাণ সওয়াব লাভ করে।’ সাহাবিরা জানতে চাইলেন, ‘দুই কিরাত কী?’ নবী করিম (সা.) বলেন, ‘দুই কিরাতের ক্ষুদ্রতম পরিমাণও দুই বিশাল পাহাড়ের সমান।’ (বুখারি, ১৩২৫; মুসলিম, ৯৪৫)

জানাজার নামাজ আদায়ের নিয়ম

জানাজার নামাজের নির্দিষ্ট কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে। সাধারণভাবে মৃত ব্যক্তিকে কিবলামুখী করে মাটিতে রাখা হয় এবং ইমাম মৃতের বক্ষ বরাবর দাঁড়ান।

জানাজার নামাজের জন্য নিয়ত করতে হয়। নিয়ত মূলত অন্তরের বিষয়; মুখে উচ্চারণ করা জরুরি নয়। এরপর তাকবির বলা হয়। প্রথম তাকবিরের পর সানা পড়া হয়। দ্বিতীয় তাকবিরের পর দরুদে ইবরাহিম পড়তে হয়। তৃতীয় তাকবিরের পর মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট দোয়া পড়া হয়। এরপর চতুর্থ তাকবির দিয়ে ডানে ও বাঁয়ে সালাম ফিরিয়ে জানাজার নামাজ শেষ করা হয়।

জানাজার নামাজ মৃত ব্যক্তির প্রতি জীবিতদের শেষ ভালোবাসার প্রকাশ এবং তাঁর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অন্যতম মাধ্যম। তাই সাধারণ অবস্থায় শরিয়তের নিয়ম অনুযায়ী লাশ মাটিতে রেখে জানাজার নামাজ আদায় করা উচিত।

তবে লাশ বাইরে রাখলে নষ্ট বা বিকৃত হওয়ার আশঙ্কার মতো অনিবার্য কোনো ওজর দেখা দিলে শরিয়তের দেওয়া ছাড় অনুযায়ী অ্যাম্বুলেন্স বা গাড়িতে লাশ রেখেও জানাজার নামাজ আদায় করার অবকাশ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *