এরদোগান-ট্রাম্পের ফোনালাপে হরমুজ ইয়েমেন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয় উঠে আসে।

বুধবার (২৮ অক্টোবর) তুরস্কের যোগাযোগ অধিদপ্তর ফোনালাপের তথ্য জানায়। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ফোনালাপে এরদোগান বলেন, আগামী বছর তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে কাজ করবে আঙ্কারা।

হরমুজ ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা

এরদোগান জানান, হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক ও মক্কাভিত্তিক যৌথ প্রতিরক্ষা জোটের অংশীদাররা। এসব সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধানের প্রচেষ্টাও চলছে।

আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তুরস্কের প্রেসিডেন্ট।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ

ফোনালাপে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সহযোগিতা দিতে তুরস্ক প্রস্তুত বলেও জানান এরদোগান। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, সংঘাত নিরসনে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার ওপর গুরুত্ব দিয়ে আসছে আঙ্কারা।

এদিকে, তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরদোগান ও দেশটির জনগণকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের সম্মেলন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *