Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
এশিয়ান গেমসের আগে আবাসন সংকটে জাপান, কমতে পারে অংশগ্রহণকারীর সংখ্যা - দৈনিক স্বাধীন সংবাদ

এশিয়ান গেমসের আগে আবাসন সংকটে জাপান, কমতে পারে অংশগ্রহণকারীর সংখ্যা

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই আবাসন সংকট নিয়ে চরম বিপাকে পড়েছে আয়োজক জাপান। টুর্নামেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা প্রাথমিক হিসাবের চেয়ে বেড়ে প্রায় ১৭ হাজারে পৌঁছানোয় দেখা দিয়েছে এ সংকট। পরিস্থিতি সামাল দিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) কাছে অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর অনুরোধ জানিয়েছে জাপানি আয়োজক কমিটি।

আয়োজকরা শুরুতে প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার জন্য বাজেট ও আবাসনের ব্যবস্থা করেছিলেন। তবে গত মার্চে টেকবল ও প্যাডেলের মতো নতুন কয়েকটি খেলা অন্তর্ভুক্ত হওয়ায় অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে প্রায় ১৭ হাজারে দাঁড়িয়েছে।

অতিরিক্ত অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত বাজেট ও আবাসন সুবিধা না থাকায় বাড়তি অ্যাথলেট ও কর্মকর্তাদের নিজেদের ব্যবস্থায় থাকার কথা বলা হয়েছে। এবারের আসরে প্রচলিত অ্যাথলেটস ভিলেজ না থাকায় বিকল্প হিসেবে ক্রুজ শিপে প্রায় চার থেকে পাঁচ হাজার অ্যাথলেটের থাকার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কন্টেইনার আকৃতির অস্থায়ী আবাসন, বিভিন্ন হোটেল ও টোকিওর কিছু আবাসনও ব্যবহার করা হবে।

এদিকে আবাসন সংকটের পাশাপাশি ক্রিকেটের অস্থায়ী ভেন্যু নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। নাগোয়ার কোরোগো স্পোর্টস পার্ক, যা কিছুদিন আগেও বেসবল মাঠ হিসেবে ব্যবহৃত হতো, সেটিকে ক্রিকেটের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে ভেন্যুটির মান নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অন্যান্য সদস্যরাও ভেন্যুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৬ এশিয়ান গেমস আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি প্রিফেকচারের নাগোয়া শহর ও আশপাশের এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *