স্টাফ রিপোর্টার:
রাজধানীর পুরান ঢাকার ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘন করে একাধিক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজউকের জোন-৬-এর আওতাভুক্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে নির্মাণকাজ চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীবাগ এলাকার ৬২ নম্বর হোল্ডিংয়ে লুৎফর রহমান নামে এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করছেন। স্থানীয়দের অভিযোগ, ভবনটির নির্মাণকাজে রাজউকের অনুমোদিত নকশা, সেটব্যাক, নিরাপত্তা বিধান এবং অন্যান্য নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। অভিযোগ থাকা সত্ত্বেও নির্মাণকাজ পুরোদমে চলতে থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ভবনের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতার কথা জানান।
একই এলাকার নবধারা হাউজিং-এর নির্মাণাধীন একটি ভবন নিয়েও একই ধরনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ভবনটির নির্মাণকাজেও রাজউকের অনুমোদিত নকশা ও বিধিমালা মানা হয়নি। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাজউকের জোন-৬-এর ইমারত পরিদর্শক ডেভিড চাকমা বলেন, নবধারা হাউজিংয়ের নির্মাণাধীন ভবনটি রাজউকের নির্মাণবিধি অনুসরণ করছে না। বিষয়টি পরিদর্শনের পর প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ভবনটির বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য রাজউকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন পাঠানো হয়েছে। তবে আবেদন করার পরও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি। কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজউকের জোন-৬ এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রেই অভিযোগ দেওয়ার পরও দ্রুত ব্যবস্থা নেওয়া হয় না। ফলে নির্মাণকাজ শেষ হওয়ার পর ব্যবস্থা নিলেও তা কার্যকর ফল বয়ে আনে না। এতে একদিকে যেমন নগর পরিকল্পনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে অগ্নিনিরাপত্তা, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয়দের মতে, রাজউকের নিয়ম অনুযায়ী অনুমোদিত নকশা, নির্ধারিত উচ্চতা, সেটব্যাক, ফ্লোর এরিয়া রেশিও (FAR), অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য শর্ত মেনে ভবন নির্মাণ বাধ্যতামূলক। এসব বিধান অমান্য করে ভবন নির্মাণ করা হলে তা শুধু আইন লঙ্ঘনই নয়, বরং জননিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।
নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীতে অপরিকল্পিত ভবন নির্মাণের প্রবণতা বন্ধ করতে হলে রাজউকের মাঠপর্যায়ের তদারকি আরও জোরদার করতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ বন্ধ, প্রয়োজন হলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজধানীতে পরিকল্পিত নগরায়ণের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
এদিকে স্থানীয় বাসিন্দারা রাজউকের চেয়ারম্যান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এবং জোন-৬-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত লুৎফর রহমান, নবধারা হাউজিং কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।