চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কথিত প্লট দখলের ঘটনায় নিজের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন ছাফওয়ানুল করিম। তাঁর দাবি, কোনো ধরনের ভিত্তি বা প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েকদিন সন্তানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ঢাকায় ব্যস্ত থাকায় বিষয়টি তাঁর নজরে আসেনি। পরে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর পাঠানো লিংকের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন।
তিনি বলেন, ‘কক্সবাজারের কথিত প্লট দখলের সঙ্গে আমার বা আমাদের ন্যূনতম এবং দূরতম কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে আমি ওয়াকিবহাল নই। কারা, কীভাবে কী করেছে—তা আমি জানি না, জানার চেষ্টাও করি না এবং জানার প্রয়োজনও বোধ করি না।’
তিনি আরও দাবি করেন, গত ৬-৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফরের পর তিনি কক্সবাজার শহরেও যাননি।
কাদের উদ্দেশ্যে তাঁর নাম জড়ানো হচ্ছে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, যারা এসব প্রচার করছে, তাদের রাজনৈতিক পরিচয়, জুলাই আন্দোলনে তাদের ভূমিকা এবং বাতিল হওয়া আরও অনেক প্লট কার নিয়ন্ত্রণে রয়েছে—এসব বিষয়ে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করলেই প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে।
তাঁর অভিযোগ, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঘাপটি মেরে থাকা প্রেতাত্মারা’ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এর সঙ্গে ‘বট বাহিনী’ এবং কিছু রাজনৈতিক দলের সদস্যও যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘এই প্লট দখলের বিষয়ে আমার ন্যূনতম এবং দূরতম সম্পর্ক কেউ প্রমাণ করতে পারলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’
একই সঙ্গে প্রমাণ ছাড়া তাঁর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব পোস্ট দেওয়া হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে তাঁর এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।