কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশনের জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন: 

ইসলামিক ফাউন্ডেশনের জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৪ মে দুপুরে ইফা জেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলা থেকে ১৮টি মাদ্রাসার ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

পৃথক তিনটি গ্রুপে (১০ পারা, ২০ পারা ও ৩০ পারা) অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রত্যেক গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ মোট ৯ জন প্রতিযোগী আগামী ৭ মে, বৃহস্পতিবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছেন। বিজয়ীরা হলেন—

৩০ পারা গ্রুপ: কক্সবাজার সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার মনিরুজ্জামান সিকদার প্রথম, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার ইফতেখার উদ্দিন আলিফ দ্বিতীয় এবং চকরিয়া আজিজিয়া মদিনাতুল উলুম হিফজ মাদরাসার মো. তাজনুর তৃতীয় স্থান অধিকার করেছেন।

২০ পারা গ্রুপ: কক্সবাজার সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার লাবিব হাসান প্রথম, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার আরিয়ান তাহমিদ রাইয়ান দ্বিতীয় এবং চকরিয়া সাইরাখালী আজিজিয়া মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার মো. হোবাইব তৃতীয় হয়েছেন।

১০ পারা গ্রুপ: পেকুয়ার বারবাকিয়া রহমানিয়া হিফজখানার মো. আবু সাঈদ সিয়াম প্রথম, মাদরাসা এ তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার শাহ নেওয়াজ দ্বিতীয় এবং উখিয়ার তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদরাসার আবরার ফয়সাল সাকিব তৃতীয় স্থান অর্জন করেছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম। তিনি বলেন, পবিত্র কুরআন মহান আল্লাহর ঐশীবাণী। এই মহাগ্রন্থের প্রচার ও প্রসার সবার নৈতিক দায়িত্ব। হিফজুল কুরআন প্রতিযোগিতার মাধ্যমে কুরআনের মহান বাণী ঘরে ঘরে পৌঁছে যাবে। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক মুহাম্মদ সরওয়ার আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক নেজামী বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের অফিসার ফজলুল করিম। সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মডেল মসজিদের সহকারী ইমাম মাওলানা ওসমান গনি, ইফার মাস্টার ট্রেইনার মো. আমান উল্লাহ, পেশকারপাড়া নূরানী মাদরাসার পরিচালক মাওলানা রুহুল মতিন এবং খুনিয়া পালং হিফজ মাদরাসার পরিচালক হাফেজ মোবারক আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৭ মে বৃহস্পতিবার বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের সনদ ও নগদ অর্থসহ পুরস্কার প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *