মোঃ ইমরান মুন্সি:
দলীয় স্লোগানসংবলিত ব্যানারে কর্মসূচি, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দাবি—এটি দলীয় কর্মসূচি নয়
ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ছয়টি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির সামনের সারিতে উপজেলা মহিলা দলের নেত্রীদের উপস্থিতি দেখা যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কাঠালিয়া থানায় দায়িত্ব পালনকালে ওসি মো. আবু নাছের রায়হান আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বদলির আদেশে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবিলম্বে এ আদেশ প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে প্রদর্শিত ব্যানার ও বিক্ষোভ মিছিলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ব্যানারে ওসির বদলিজনিত আদেশ প্রত্যাহারের দাবিও তুলে ধরা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন।
তবে কর্মসূচির বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, “বদলি সরকারি চাকরির একটি নিয়মিত অংশ। এতে দলীয় কোনো বিষয় নেই। তাই বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো দলীয় কর্মসূচি দেওয়া হয়নি। যারা এটি করেছেন, এটি তাঁদের নিজস্ব কর্মসূচি।”