মোঃ রায়হান মাহামুদ:
গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও দুইজন আসামি পলাতক রয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে ২০২৬) রাতে জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ফাহমিদ শেখ (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ ঘটনায় শাহাদাত হোসেন ওরফে রবিন পলাতক রয়েছে।
এর আগে একই দিনে বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল শেখ (২৫) ও মেরাজ আকন্দ (২৬) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৯ হাজার টাকা। এ ঘটনায় মনির নামে আরও এক আসামি পলাতক রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।