কুমিল্লায় হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় নূরে মদিনা মাদরাসার সাফল্য, বৃত্তি পেল ৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত তৃতীয় বার্ষিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে কুমিল্লার চকবাজারের নূরে মদিনা হাফিজিয়া মাদরাসা। পরীক্ষায় মাদরাসাটির পাঁচজন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং তিনজন সাধারণ বৃত্তি অর্জন করেছে। সব মিলিয়ে আটজন শিক্ষার্থীর এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।

কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারের মন্ত্রী হাজী আমিন উর রশীদ এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু।

মাদরাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা, চাঁদপুর ও ফেনী অঞ্চলের প্রতিযোগীদের মধ্যে নূরে মদিনা মাদরাসার শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ১১তম স্থান অর্জন করেছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের গৌরবও অর্জন করেছে মাদরাসাটি।

এ সাফল্যকে মাদরাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সম্মিলিত অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হিফজ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অভিভাবকরা।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আটজন শিক্ষার্থীর বৃত্তি অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, বরং শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এ সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

মাদরাসার পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, ইলমে বরকত এবং জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

নূরে মদিনা হাফিজিয়া মাদরাসা, চকবাজার, কুমিল্লা—ইলম, আমল ও মেধার বিকাশে এগিয়ে চলুক সাফল্যের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *