কুমিল্লা হাইওয়ে রিজিয়নে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মালুমঘাট হাইওয়ে থানার মাহাবুবুর রহমান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা হাইওয়ে রিজিয়নের মে-২০২৬ মাসের বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১টায় কুমিল্লা ফান টাউনে আয়োজিত বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সকল সদস্যকে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে মে-২০২৬ মাসের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা হাইওয়ে রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার গ্রহণ করেন মালুমঘাট হাইওয়ে থানা, চকরিয়া, কক্সবাজারের অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (বিপিএম-সেবা) জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী। সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, কুমিল্লা হাইওয়ে রিজিয়নের আওতাধীন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মোঃ মাহাবুবুর রহমানের এ স্বীকৃতিকে তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও দক্ষ নেতৃত্বের মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে। সহকর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের নিরাপত্তা এবং মহাসড়কে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *