আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একাধিক ড্রোন ছোড়া হয়েছে। এসব ড্রোনের লক্ষ্য ছিল একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে স্থাপনাটির পরিচয় প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোন প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
কুয়েতে ড্রোন হামলার ঘটনার প্রায় একই সময়ে সৌদি আরবের উপকূলীয় অঞ্চল জিজানে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ে। ওই সময় কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাও ঘটে।
উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্যসংখ্যক সেনা অবস্থান করছেন। দেশটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। এসব হামলার মধ্যে সর্বশেষ ঘটনায় একটি তেল ডিপোতে আগুন লাগার খবর পাওয়া যায়।
সূত্র: আলজাজিরা ও ঢাকা পোস্ট