ঘাটাইলে টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ বিএনপি-আ.লীগ নেতাদের বিরুদ্ধে:সেন্টু ভূঁইয়া-সোহানুর রহমান

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৌরাশা চাম্বলতলা গ্রামে রাতের আঁধারে পাহাড়ি টিলা কেটে লাল মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তালুকদার বাড়ির পশ্চিম পাশে পুকুরসংলগ্ন একটি টিলা থেকে গত ছয়-সাত দিন ধরে নিয়মিত মাটি কাটা হচ্ছে। রাত হলেই ভেকু (খননযন্ত্র) দিয়ে চলে মাটি কাটার কাজ।

অভিযোগ রয়েছে, টিলা থেকে কেটে নেওয়া লাল মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ি ভূমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মাটি পরিবহনের কারণে স্থানীয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এ মাটি কাটার সঙ্গে আশরাফুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক; সেন্টু ভূঁইয়া, রসুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত সোহানুর রহমান জড়িত। তবে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ছত্রচ্ছায়ায় এ মাটি কাটার কাজ চলছে। তাঁদের অভিযোগ, মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয়ভাবে বলে বেড়াচ্ছেন, থানা-পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করেই তাঁরা এ কাজ করছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ঘাটাইল থানার ওসির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাটি কাটার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে তাঁদের অভিযোগ, এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে সাংবাদিক রিয়াজ উদ্দিন আফজাল এ বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা সেন্টু ভূঁইয়া ও আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত সোহানুর রহমান তাঁকে বলেন, “এসব বিষয়ে সাংবাদিকদের মাথাব্যথা কেন? আপনাদের অন্য কোনো কাজ নেই?” তাঁরা আরও বলেন, “কিছু একটা না করলে খাব কী?”—এমন বক্তব্য দিয়েছেন বলে সাংবাদিকের দাবি।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে পাহাড়ি টিলা কেটে লাল মাটি বিক্রি বন্ধ করতে হবে। একই সঙ্গে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *