কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে জনসেবামূলক কাজে অংশ নিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। আজ শনিবার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ। এছাড়াও বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, রফিকুল ইসলাম হাওলাদার, যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী এই কার্যক্রমে অংশ নেন।
সংসদ সদস্য এস এম জিলানী এ সময় সংবাদিকদের বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্র এলাকার অধিকাংশ কৃষক বিল থেকে ধান কেটে এই খালটি ব্যবহার করেই বাড়িতে নিয়ে যান। দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় পূর্ণ থাকায় কৃষকদের পক্ষে ধান পরিবহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কৃষকদের এই দুর্ভোগ লাঘব করতেই আজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটি পরিষ্কার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের সেবামূলক কর্মসূচি আগামীতেও উপজেলার প্রতিটি এলাকায় অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় কৃষকরা সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।