কোতোয়ালি থানা এলাকায় ছিনতাই চক্রের সদস্য আটক

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফলমন্ডী পশ্চিম গেইট ফ্লাইওভারের নিচে সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে তৈয়ব্যিয়া ফার্ম নামের একটি ফলের দোকানের ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাদের নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি কোতোয়ালি থানাধীন ফলমন্ডী পশ্চিম গেইট এলাকায় ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় আগে থেকে অবস্থান করা একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। অভিযোগ অনুযায়ী, তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন (আইফোন ১৭ প্রো ম্যাক্স) ও নগদ ১ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মামলাটি রুজু করা হয় এবং তদন্তে নামে পুলিশ। মামলায় পেনাল কোডের ৩৯২/৪১১ ধারায় মামলা নং ৩৯, তারিখ ২১ মে ২০২৬ অন্তর্ভুক্ত করা হয়।

পরবর্তীতে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই লুৎফুল আহসানসহ পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য কামরুল হোসেন (২৯)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *