কামরুল ইসলাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) আবারও একাধিক থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বুধবার (১৭ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়। যদিও কৌশলগত কারণে আদেশটি এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, তবে সিএমপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আদেশ অনুযায়ী, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিজ্ঞ কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর। তিনি নতুন ওসি হিসেবে কোতোয়ালী থানায় যোগদান করতে যাচ্ছেন।
পুলিশের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে আসছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থাভাজন হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা কোতোয়ালী থানার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
অন্যদিকে, মাত্র তিন দিন আগে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়া কাজী মাসুদ ইবনে আনোয়ারকে পুনরায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে সিটিটিসির পরিদর্শক মো. ইখতিয়ার উদ্দিনকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে সদরঘাট থানার ওসি কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকেও পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে সিএমপির এস্টেট শাখার পরিদর্শক মোহাম্মদ শরীফকে সদরঘাট থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৫ জুন) সিএমপির পাঁচটি থানার ওসি পদেও রদবদল করা হয়। ওই আদেশে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। একই সঙ্গে সিটিটিসির পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হলেও মাত্র তিন দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
এছাড়া ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিটিসিতে সংযুক্ত করা হয়। খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকেও একই ইউনিটে বদলি করা হয় এবং তাঁর স্থলাভিষিক্ত হন সিটিটিসির পরিদর্শক মোজাম্মেল হক।
সোমবারের আদেশে চকবাজার থানার ওসি বাবুল আজাদকে ডিবি দক্ষিণ বিভাগে বদলি করা হয়। চাঁন্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানায় এবং ডিবি দক্ষিণের পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁন্দগাঁও থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা, থানাগুলোর কার্যক্রমে আরও গতি আনা এবং পেশাদার পুলিশিং জোরদারের লক্ষ্যেই এ রদবদল করা হয়েছে। সিএমপিতে এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে একাধিক থানার ওসি পরিবর্তনের বিষয়টি নগরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বিশেষ করে কোতোয়ালী থানার মতো গুরুত্বপূর্ণ থানায় নতুন নেতৃত্বের আগমনকে কেন্দ্র করে সাধারণ নাগরিক, ব্যবসায়ী মহল এবং সংশ্লিষ্টদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।