কুমিল্লা প্রতিনিধি:
ক্রীড়াকে দেশের শিক্ষাব্যবস্থার অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়ার প্রসার ঘটানো হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাব্যবস্থায় ক্রীড়াকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের তৃণমূল পর্যায় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাব্যবস্থার সঙ্গে ক্রীড়াকে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে গুরুত্ব দিয়ে এটিকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়াতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ঘোষিত ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন। এর আগে তিনি জানিয়েছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এই প্রতিযোগিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, মেধা ও সৃজনশীলতার বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।