জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বাড়ির মালিক সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী।
সুজন মিয়া ওই গ্রামের শামছুল হকের ছেলে। তার বাড়ি থেকে জব্দ করা ৪৭ বস্তা সারের মধ্যে ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সকালে চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ৪৭ বস্তা সার পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয় এবং বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। দূরবর্তী এলাকা হওয়ায় জব্দ করা সারগুলো উদ্ধার করে একজন অনুমোদিত ডিলারের ঘরে রাখা হয়েছে। পরবর্তীতে সময় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে এসব সার বিক্রি করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুতের কোনো সুযোগ নেই। অভিযানে অবৈধভাবে মজুত করা ৪৭ বস্তা সার পাওয়া গেছে। সেগুলো জব্দ করা হয়েছে।