খসরু মৃধা:
গাজীপুরের কালীগঞ্জে শিমুলিয়ায় টঙ্গী–সিলেট আঞ্চলিক মহাসড়কে শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে বিদ্যুতের খুঁটি রাস্তার একটি অটোরিকশার ওপর বিদ্যুৎ থাকা অবস্থায় পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই শিমুলিয়া গ্রামের হাসানের মেয়ে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি ম্যাডামের মৃত্যু হয়। আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়দের সহায়তায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এই ঘটনার পর দুর্ঘটনাকবলিত খুঁটির দুই পাশের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে অন্তত ১০ থেকে ১২টি বিদ্যুতের খুঁটি রাস্তার ওপর হেলে পড়ে। বিদ্যুৎ থাকা অবস্থায় খুঁটির তারগুলো পাশের পুকুরে পড়ে যাওয়ায় পুকুরের মাছ মরে ভেসে ওঠে।
ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট স্বাভাবিক করার চেষ্টা চালায়।
ঘটনার কারণে টঙ্গী–সিলেট রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়। হাজার হাজার গাড়ি রাস্তায় আটকে পড়ে, বিপুল মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।
স্থানীয়দের মতে, কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এই নতুন লাইনের কাজ কিছুদিন আগে শুরু হয়। প্রতিটি খুঁটির গোড়ায় যথাযথভাবে মাটি না দেওয়া এবং আজ দুপুরের প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।