বিশেষ প্রতিনিধি:
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৯ লিটারের বেশি দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল। জব্দ করা পানীয়ের আমদানি, শুল্ক পরিশোধ ও ক্রয়সংক্রান্ত বৈধ কাগজপত্র যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মদ এসব তথ্য জানান।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, রোববার রাতে গুলশানের রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে প্রতিষ্ঠানটির গোপন গোডাউন থেকে ২ হাজার ৩৫৯ লিটার দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। জব্দ করা পানীয়ের মধ্যে রয়েছে ভ্যাট-৬৯, শিভাস রিগাল, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েলস, গোল্ড লেবেল, কর্ডন ব্লু, জিন ও ভদকাসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ। এ ছাড়া হান্টার ও হাইনেকেন ব্র্যান্ডের বিয়ারও জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা জানিয়েছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটি মদের আমদানি কিংবা স্থানীয়ভাবে কেনার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তবে জব্দ করা পণ্যের আমদানি, শুল্ক পরিশোধ ও ক্রয়সংক্রান্ত নথি যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা অংশ নেয়। এগুলো হলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ), ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) সহযোগিতা করে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস, ভ্যাট ও আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া অভিযানকালে মানিলন্ডারিং-সংশ্লিষ্ট অপরাধের তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। অবৈধভাবে পণ্য আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের গোপন নজরদারিতে রাখা হয়েছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা।