গোপালগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যু অসুস্থ আরেকজন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ও রোববার উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরেক যুবক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মৃত দুই যুবক হলেন দিঘলীয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) এবং একই গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ একসঙ্গে মদপান করেন। এরপর রাতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনোতোষ হালদার মারা যান। রোববার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষ্ণকান্ত বাড়ৈ।

কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মদপান করেন। কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তাঁরা থানায় কোনো অভিযোগ করেননি।

মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, তাঁর ভাই পূজায় ডেকোরেটরের কাজ করতে গিয়ে পানি জাতীয় কিছু পান করেছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হয়। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *