মোশাররফ হোসেন জসিম পাঠান:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুল হান্নান ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিজের প্রার্থিতার বিষয়ে মতবিনিময় করছেন।
আলহাজ্ব মো. আব্দুল হান্নান গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের বাংঙ্গুরীহাটী গ্রামের মো. আব্দুল রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত স্থানীয় সরকার নির্বাচনেও তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। এবারও তিনি সহনাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, আলহাজ্ব আব্দুল হান্নান এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি এলাকার রাস্তা সংস্কার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সুবিধার আওতায় আনাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করছেন বলে স্থানীয়রা জানান।
গণসংযোগকালে আলহাজ্ব আব্দুল হান্নান সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। তাঁর সঙ্গে থাকা নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরাও বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
স্থানীয়দের দাবি, গণসংযোগ ও মতবিনিমাপের কারণে আলহাজ্ব আব্দুল হান্নানের প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে। তাঁর ডাকে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাড়া দিচ্ছেন বলেও দাবি করেন তাঁর সমর্থকরা। তবে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ও ভোটারদের সিদ্ধান্তই শেষ কথা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল হান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি সহনাটি ইউনিয়নবাসীর দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা এবং অসহায় মানুষের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেবেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সহনাটি ইউনিয়নের বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর তৎপরতা বাড়ছে। এরই মধ্যে আলহাজ্ব আব্দুল হান্নানের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।