মোশাররফ হোসেন জসিম পাঠান:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরী গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিজুরী গ্রামের মোঃ আবুল ছাত্তার-এর মেয়ে মোছাঃ সুমা আক্তার (ভোকাল/প্রতিবন্ধী) এবং প্রতিবেশী মোঃ বিল্লাল মিয়ার বাড়ির এক শিশুর মধ্যে বোতল নিয়ে খেলতে গিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। গত ২৭ মার্চ ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১টার দিকে ওই ঝগড়া থামাতে গেলে সুমা আক্তার আহত হন।
পরে পরিবারের লোকজন তাকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।
এ ঘটনার পরপরই সুমা আক্তারের পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিল্লাল মিয়ার দোকান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করা হয় বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, হামলার সময় বাধা দিতে গেলে বাড়ির নারীদের মারধর, টানা-হেঁচড়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব বিরোধের জের ধরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী দোকানদার মোঃ বিল্লাল মিয়া অভিযোগ করে বলেন, “কয়েক দিন আগে আমার দুই ভাই হঠাৎ মারা যান। সেই সুযোগে প্রতিপক্ষ মোঃ সাত্তারসহ তার লোকজন আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।” তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, “আমি এই ঘটনার বিচার চাই। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে ন্যায়বিচার চাইব।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।