সাতকানিয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আব্দুল আজিজ-আল মাক্কী:

চট্টগ্রামের সাতকানিয়ায় ওভারটেক করতে গিয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের উত্তর নয়াখাল পাঠানী পুল সংলগ্ন এলাকায় মৌলভীর দোকানের প্রায় ২ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন—মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহতদের মধ্যে প্রণয় কর্মকার (২১) নামের এক যুবকের পরিচয় পাওয়া গেছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ‘স্বাধীন ট্রাভেলস’-এর একটি বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী রিয়াদ ও রিগেন নিহত হন। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কেরানীহাট সি-ওয়ার্ল্ড এলাকায় স্থানীয় জনতা বাসটিকে আটক করে।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি হেফাজতে নেয়। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর সত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আটক বাস ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *