মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ২০২৬ সালের দাখিল/এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও পরীক্ষার ফাইল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় তাঁর নিজ কার্যালয়ে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকায় পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শহীদুল ইসলাম ফোরকান (বি.এ অনার্স, এম.এ)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে চকরিয়া মিসকাতুল মিল্লাত মডেল দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় ফাইল তুলে দেন মুহাম্মদ শহীদুল ইসলাম ফোরকান (বি.এ অনার্স, এম.এ)। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, পরিশ্রম এবং নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে অধ্যবসায় ও সৎ প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, যাতে তারা দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবুল কালাম। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতার আলোয় আলোকিত হওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ তারেকুল ইসলাম তারেক।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।