চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে হারিয়ে যাওয়া ছয়টি মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এএসআই খলিলুর রহমান জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় চকরিয়া থানায় করা জিডির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মোবাইলগুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর সেগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা চকরিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
চকরিয়া থানা পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো মালামাল উদ্ধারে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।