Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ - দৈনিক স্বাধীন সংবাদ

চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

 

সোহেল মাহমুদ  চট্টগ্রামঃ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম দেশের প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দেশীয় প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে।
১১ জুন(বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন নৌ-গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী সফরে তিনি বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম, সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি ও সক্ষমতা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার এবং সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ পরিচালনা করছে বলে কর্মকর্তারা তাকে অবহিত করেন। অন্যদিকে সিএনআরডিতে পরিচালিত জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিষয়ক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কেও তিনি বিস্তারিত তথ্য নেন।
পরে তিনি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন। নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত ও নির্মাণে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করে তিনি এর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে সিডিডিএলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির কারিগরি দক্ষতার প্রশংসা করেন।
সফরের অংশ হিসেবে তিনি বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন লিমিটেডও পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে চলমান প্রকল্প, বিদ্যমান সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনশক্তির কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *