Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের সন্দেহ - দৈনিক স্বাধীন সংবাদ

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের সন্দেহ

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা পৌরসভার রেলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে জাহানারা (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহত জাহানারা চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার মো. জামাল শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার রেলপাড়া এলাকায় মো. তৌফিকুল ইসলাম জোয়ার্দারের ভাড়া বাসায় স্বামীকে নিয়ে প্রায় আট মাস ধরে বসবাস করছিলেন জাহানারা। শনিবার সকালে কোনো একসময় নিজ বসতঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

নিহতের স্বামী জামাল শেখ জানান, জাহানারা দীর্ঘদিন ধরে পিত্তথলি, লিভার ও পাকস্থলীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শরীরে এ পর্যন্ত পাঁচবার অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা জামাল শেখের।

তবে পুলিশ জানিয়েছে, জাহানারা বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি পুত্রবধূর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার মৃত্যুর ঘটনায় নিহতের ভাইদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মারুফ রহমান বলেন, জাহানারা শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এ ছাড়া পুত্রবধূর সঙ্গে তার মনোমালিন্য ছিল। নিহতের ভাইদের সন্দেহ থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *