ছবি কবিতায় কাকদের বাঁচিয়ে রাখতে চান অভিনেত্রী ভাবনা

বিনোদন ডেস্ক:

অভিনয়ের পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখিতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার নিজের আঁকা কাকের ছবি প্রকাশ করে পাখিটির প্রতি ভালোবাসা ও হারিয়ে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছেন তিনি। ভাবনার ভাষ্য, তাঁর ছবি, কবিতা ও রেখে যাওয়া প্রতিটি শব্দে কাকেরা বেঁচে থাকবে।

সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে নিজের আঁকা কাকের একটি ছবি প্রকাশ করেন ভাবনা। একসময় ঢাকা শহরের অলিগলিতে পরিচিত এই পাখিকে এখন আগের মতো দেখা যায় না বলে উল্লেখ করেন তিনি। নিজের শিল্পকর্মের মাধ্যমে কাকদের স্মৃতি ও উপস্থিতি ধরে রাখতে চান অভিনেত্রী।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় ভাবনা লেখেন, ‘আমার ছবি, আমার কবিতা, আর আমার রেখে যাওয়া প্রতিটি শব্দে কাকেরা চিরকাল বেঁচে থাকবে। আমি তাদের কথা বলে যাব, তাদের ছবি আঁকব, আমার শিল্পে তাদের জন্য জায়গা করে দেব। কারণ আমি তাদের বিশ্বাস করি, তাদের গভীরভাবে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যকার নীরব ভাষার কোথাও আমি বিশ্বাস করি, তারাও আমাকে ভালোবাসে।’

কাকদের জন্য নিরাপদ আশ্রয়ের স্বপ্নও দেখেন ভাবনা। এমন একটি শহর চান তিনি, যেখানে পাখিগুলো হারিয়ে যাওয়ার ভয় ছাড়াই বাঁচতে পারবে। তাদের জন্য থাকবে নিরাপদ আকাশ ও ছাদের কার্নিশ।

নিজের সেই স্বপ্নের কথা তুলে ধরে ভাবনা বলেন, ‘আমি এমন এক শহরের স্বপ্ন দেখি, যে শহর কেবল কাকদের হবে। যে শহরের আকাশ তাদের, ছাদের কার্নিশগুলো তাদের। যে শহরে তারা নির্ভয়ে বেঁচে থাকতে পারবে, প্রত্যাখ্যাত হওয়ার ভয় ছাড়াই; নিজেদের জন্য একটুখানি জায়গা চেয়ে কাউকে কখনো কিছু বলতে হবে না তাদের।’

অভিনেত্রীর এই বক্তব্যে কাকের প্রতি তাঁর গভীর মমতা এবং পাখিদের জন্য নিরাপদ পরিবেশের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। ছবি ও লেখার মাধ্যমে কাকদের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চান তিনি।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি তানবীর হাসানের ‘যাযাবর’ সিনেমার শুটিং করেছেন তিনি। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আব্দুল নূর সজল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। এ ছাড়া ভাবনার হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *