টাঙ্গাইল বুরো হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইলের বুরো হসপিটালে ভুল চিকিৎসায় আব্দুল্লাহ (৫০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ২৫ অক্টোবর (রোববার) দুপুর আনুমানিক ২টার দিকে বুরো হসপিটালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া নয়াপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল্লাহ (৫০) দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগছিলেন। হার্নিয়ার অস্ত্রোপচার করানোর জন্য তিনি টাঙ্গাইল বুরো বাংলাদেশ হসপিটালে ভর্তি হন।

রোগীর ছেলে রাকিব হাসান জানান, হার্নিয়া রোগের অস্ত্রোপচার করানোর জন্য তাঁর বাবাকে টাঙ্গাইল বুরো বাংলাদেশ হসপিটালে ভর্তি করা হয়। ভর্তির পর অস্ত্রোপচারের জন্য নেওয়ার আগে একজন নার্স তাঁকে ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর তাঁর বাবা মারা যান। তিনি বলেন, “আমার বাবাকে যারা ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

করটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লতিফ মিয়া মৃত্যুর ঘটনা সত্য বলে জানান। তাঁর দাবি, রোগীর মৃত্যু ভুল চিকিৎসায় হয়েছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা প্রশাসনকে ভালোভাবে খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। চিকিৎসক আবু হানিফ ও সংশ্লিষ্ট নার্সের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। তবে রোগীর স্বজনদের অভিযোগ, নার্স ইনজেকশন পুশ করেই সেখান থেকে পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *